আধুনিক যুগের প্রাণঘাতী রোগগুলোর মধ্যে হৃদরোগ ও ডায়াবেটিস শীর্ষে। এবার যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আরলিংটন শাখার বিজ্ঞানীরা জানাচ্ছেন, তারা আবিষ্কার করেছেন এমন এক প্রক্রিয়া যা এই রোগগুলো শুরু হওয়ার আগেই প্রতিরোধ করতে পারে।
গবেষক দলটি একটি বিশেষ এনজাইম IDO1 শনাক্ত করেছেন, যা প্রদাহ চলাকালীন শরীরের ইমিউন সেলের (ম্যাক্রোফেজ) কোলেস্টেরল প্রক্রিয়াকরণে বিঘ্ন ঘটায়। এই ত্রুটি হৃদরোগসহ বহু প্রাণঘাতী অসুস্থতার জন্য দায়ী। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, IDO1 ব্লক করে দিলে ম্যাক্রোফেজের স্বাভাবিক কোলেস্টেরল প্রক্রিয়াকরণ ফিরে আসে, যা রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
গবেষণায় আরও একটি ‘দ্বিতীয় অপরাধী’ শনাক্ত হয়েছে—নাইট্রিক অক্সাইড সিন্থেজ (NOS) নামের আরেকটি এনজাইম, যা IDO1-এর ক্ষতিকর প্রভাব বাড়িয়ে তোলে। বিজ্ঞানীদের মতে, এই দুই এনজাইম একসাথে লক্ষ্যবস্তু করলে প্রদাহজনিত রোগের বিরুদ্ধে কার্যকর ‘ডাবল অ্যাটাক’ চালানো সম্ভব হতে পারে।
তবে, বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন—এটি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে এবং নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি তৈরি হতে সময় লাগবে। তবুও, প্রদাহ-সৃষ্ট কোলেস্টেরল ভাঙন রোধের এই নতুন ধারণা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।