বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

বাগমারায় শর্টসার্কিটের আগুনে বিধবা রজুফার বসতঘর পুড়ে ছাই, নগদ টাকা ও টিন নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নে মঙ্গলবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৭৫ বছর বয়সী রজুফার টিনশেড ঘর পুড়ে গেছে; উপজেলা প্রশাসন সহায়তা দিয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুফা (৭৫) নামের এক বিধবা নারীর টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এই নারীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামের ঢাকের মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। রজুফা ওই এলাকার মৃত বয়েনউদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে হঠাৎ তাঁর টিনশেড বসতঘরে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘর, আসবাবপত্র ও ঘরে থাকা প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে থাকার শঙ্কায় পড়েছেন এই বৃদ্ধা।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। তিনি রজুফার হাতে নগদ ১০ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও একটি কম্বল তুলে দেন। পাশাপাশি পরবর্তী সময়ে তাঁর বসতবাড়ি নির্মাণের ব্যবস্থা নেওয়া এবং ভোটার পরিচয়পত্রের প্রয়োজনীয় সংশোধন করে দেওয়ার আশ্বাস দেন ইউএনও।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অসহায় ওই নারীর পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।